জনসেবায় মানবিক আচরণের আহ্বান এমপি আজহারের

তারাগঞ্জে মতবিনিময় সভায় নাগরিক সেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানবিক আচরণ নিশ্চিতের আহ্বান।

তারাগঞ্জ (রংপুর) প্রতি‌নি‌ধি: রংপুর–২ (তারাগঞ্জ–বদরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, প্রজাতন্ত্রের কর্মচারীদের কাছে জনগণ সর্বপ্রথম সম্মানজনক আচরণ ও সৌজন্যপূর্ণ ব্যবহার প্রত্যাশা করে। সরকারি দপ্তরে সেবা নিতে এসে কোনো নাগরিক যেন হয়রানি বা অসৌজন্যমূলক আচরণের শিকার না হন—সেদিকে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে তারাগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি আজহারুল ইসলাম বলেন, জনসেবার মান কেবল কাজের গতি দিয়ে নির্ধারিত হয় না; কর্মকর্তাদের আচরণও সমানভাবে গুরুত্বপূর্ণ। একজন নাগরিক যদি সম্মান পান, তার বক্তব্য মনোযোগ দিয়ে শোনা হয় এবং দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়, তাহলে প্রশাসনের প্রতি মানুষের আস্থা বহুগুণে বৃদ্ধি পায়।

তিনি আরও বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রেখে দায়িত্ব পালন করলে উন্নয়ন কার্যক্রমের প্রকৃত সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছাবে। কর্মকর্তা-কর্মচারীদের জনগণের সঙ্গে সমন্বয় ও সহযোগিতামূলক মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, জনপ্রতিনিধি, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা স্থানীয় সড়ক উন্নয়ন, কৃষি সহায়তা বৃদ্ধি, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও নাগরিক সেবা সহজীকরণে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।

নবনির্বাচিত এমপি এসব বিষয় গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন।