মোহনগঞ্জ ডিগ্রি কলেজে মহান শহীদ ও মাতৃভাষা দিবস উদযাপন

মোহনগঞ্জ ডিগ্রি কলেজে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাগমারায় মোহনগঞ্জ ডিগ্রি কলেজে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। পরে সকাল ৯টার দিকে কলেজ প্রাঙ্গণে অবস্থিত শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মোহনগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সভাপতি মহব্বত আলী। বক্তারা মহান ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে মাতৃভাষার মর্যাদা রক্ষায় নতুন প্রজন্মকে সচেতন হওয়ার আহ্বান জানান।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলেজের বাংলা বিভাগের সিনিয়র সহকারী অধ্যাপক শামসাদুল ইসলাম। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের শরীরচর্চা শিক্ষক হোসেন আলী।

এ সময় কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থী উপস্থিত থেকে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান এবং কর্মসূচিতে অংশগ্রহণ করেন।