রাজশাহী হবে চাঁদাবাজ ও ভূমিদস্যুমুক্ত: ভূমিমন্ত্রী মিনু

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী: রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও নবনিযুক্ত ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, রাজশাহীকে শান্তির শহরে রূপ দেওয়াই সরকারের প্রথম অগ্রাধিকার। চাঁদাবাজি ও ভূমিদস্যুতার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না; অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে—এটাই প্রধানমন্ত্রীর নির্দেশ।
শুক্রবার সকালে রাজশাহী সার্কিট হাউসে বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, “রাজশাহীতে কোনো চাঁদাবাজি নয়, কোনো ভূমিদস্যুতা নয়। যে-ই এসব অপরাধে জড়িত থাকবে, প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।”
দুর্নীতির বিষয়ে তিনি বলেন, “কোনো অনিয়ম বা দুর্নীতির প্রশ্নই আসে না। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করি। সততা ও নীতির প্রশ্নে কোনো আপস নেই। জনগণের ভাগ্যোন্নয়নে দুর্নীতিমুক্ত প্রশাসন গড়াই বর্তমান সরকারের লক্ষ্য।”
মন্ত্রী আরও বলেন, রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া পুরো রাজশাহীবাসীর জন্য গর্বের বিষয়। এটি কোনো ব্যক্তির একক অর্জন নয়; বরং সবার ভালোবাসা ও সমর্থনের প্রতিফলন। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহান এবং জেলা প্রশাসক আফিয়া আখতার।
এর আগে সার্কিট হাউসে পৌঁছালে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান প্রশাসনের কর্মকর্তারা। পরে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।






