বাংলাদেশে মব কালচারের দিন শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে মব কালচারের দিন শেষ হয়ে গেছে। মব কালচারের মাধ্যমে কোনো দাবি আদায় আর উৎসাহিত করা হবে না। সব দাবি-দাওয়া অবশ্যই যথাযথ প্রক্রিয়ায় উত্থাপন করতে হবে—এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “মিছিল ও সমাবেশ করা যাবে, গণতান্ত্রিক সংস্কৃতিও অব্যাহত থাকবে। কিন্তু দাবি আদায়ের জন্য সড়ক-মহাসড়ক অবরোধ করে ‘মব’ আকারে বন্ধ করা যাবে না।”

তিনি আরও বলেন, “স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানেই বাংলাদেশে মানুষ পুলিশকে চিনে। তবে এখানে আরও যে সংস্থা আছে, তা মানুষ কম জানে। পুলিশকে জনগণের বন্ধু বানাতে হবে। আগে যে ভাবমূর্তি নষ্ট হয়েছিল, তা পুনরুদ্ধার করতে হবে।”

স্বরাষ্ট্রমন্ত্রী দুর্নীতি নিয়ন্ত্রণের গুরুত্বেও গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সম্পূর্ণভাবে দুর্নীতি মুক্ত করতে হবে। সকলের দায়বদ্ধতা ও স্বচ্ছতা বজায় রাখতে হবে। কোনো ধরনের অবৈধ তদবির হবে না।”

এছাড়া তিনি জানিয়েছেন, বাহিনীর মধ্যে কেউ অপরাধে জড়িত থাকলে সঙ্গে সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।