দেবিদ্বারে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না : হাসনাত আব্দুল্লাহ এমপি

নিউমার্কেটে নির্ধারিত এলাকার বাইরে চাঁদা তুললে জনতার প্রতিরোধ, জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি।

টুইট ডেস্ক: কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, নির্ধারিত এলাকার বাইরে চাঁদা তুলতে এলে জনগণ প্রতিরোধ গড়ে তুললে তিনি দায় নেবেন না এবং আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার রাতে দেবিদ্বার নিউমার্কেট এলাকার দোকান মালিকদের অভিযোগের পর এক মোবাইল ফোনালাপে বাজার ইজারা সংশ্লিষ্ট এক ব্যক্তিকে এ সতর্কবার্তা দেন এমপি হাসনাত। অভিযোগে ব্যবসায়ীরা জানান, কাঁচাবাজার ইজারার বাইরে অতিরিক্ত এলাকায় চাঁদা তোলা হচ্ছে।

ফোনালাপে এমপি বলেন, “আপনি কাঁচাবাজারের ইজারা নিয়েছেন। নির্দিষ্ট বাজার এলাকার ভেতরেই ইজারার টাকা তুলবেন। এর বাইরে চাঁদা নিতে এলে পাবলিক ধরে পিটাবে, তখন আমার কিছু করার থাকবে না।” তিনি আরও বলেন, নির্ধারিত সীমার বাইরে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না।

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি নির্দেশনা দিয়ে বলেন, যে ব্যক্তি চাঁদা তোলে তার নাম শাহ আলম। সে যদি নির্ধারিত এলাকার বাইরে চাঁদা নিতে আসে, তাকে আটকে রেখে পুলিশে সোপর্দ করতে হবে। পাশাপাশি যারা চাঁদাবাজদের আশ্রয়-প্রশ্রয় দেবে, তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনের সহযোগিতা নেওয়ার কথা জানান তিনি।

এমপি হাসনাত আব্দুল্লাহ বলেন, “দেবিদ্বারে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না।” বাজার ও ব্যবসা-বাণিজ্যে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে সক্রিয় থাকার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, শপথ গ্রহণের পরপরই নিজ নির্বাচনি এলাকা দেবিদ্বারে ছুটে আসেন নবনির্বাচিত এই সংসদ সদস্য। বিভিন্ন গ্রাম ও বাজার পরিদর্শন করে তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন এবং নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের আশ্বাস দিচ্ছেন। বিশেষ করে শ্রমজীবী ও স্বল্পআয়ের পরিবারের কর্মসংস্থান নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে আগামী মার্চের মধ্যে তা বাস্তবায়নের কথা পুনর্ব্যক্ত করেছেন তিনি।