৪৬ বছর পর রাজশাহী সদরে পূর্ণ মন্ত্রী মিনু

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসন থেকে নির্বাচিত হয়ে ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন বিএনপির বর্ষীয়ান নেতা মিজানুর রহমান মিনু। এতে ৪৬ বছর পর রাজশাহী সদরে পূর্ণ মন্ত্রিত্ব ফিরল।

এর আগে ১৯৭৯ সালে জিয়াউর রহমানের মন্ত্রিসভায় রাজশাহী-২ আসন থেকে মন্ত্রী হয়েছিলেন এমরান আলী সরকার। স্বাধীনতা-পরবর্তী সময়ে সদর আসন থেকে আওয়ামী লীগের এ এইচ এম কামারুজ্জামান, এরশাদের সময়ে বাগমারার সরদার আমজাদ হোসেন এবং ২০০১–০৬ সালে রাজশাহী-১ থেকে বিএনপির ব্যারিস্টার আমিনুল হক মন্ত্রী ছিলেন। এছাড়া ২০১৭–২০২৪ সালে রাজশাহী-৬ থেকে শাহরিয়ার আলম পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

মিজানুর রহমান মিনু দীর্ঘদিন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। মাত্র ৩২ বছর বয়সে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র হয়েছেন এবং টানা ১৭ বছর এই পদে থাকেন। ২০০১ সালে রাজশাহী সদর আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর এবার প্রথমবার পূর্ণ মন্ত্রী হয়েছেন।

মন্ত্রী হওয়ার খবরে শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় মিষ্টি বিতরণ করা হয়। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর মিজানুর রহমান মিনু বলেন, “মন্ত্রণালয়ের দায়িত্ব তো বটেই, রাজশাহীর জন্যও নিরলসভাবে কাজ করে যাব। আমি এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব।”

রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফুল ইসলাম জনি বলেন, “মিনু ভাই আধুনিক রাজশাহীর রূপকার। তিনি নিজের সন্তানের মতো করে শহরকে গড়ে তুলেছেন। তাকে মূল্যায়ন করা হয়েছে। এজন্য আমরা রাজশাহীবাসীর পক্ষ থেকে তারেক রহমানকে কৃতজ্ঞতা জানাই।”