৪৯ সদস্যের মন্ত্রিসভা: কে পেলেন, কে পেলেন না

আলোচনায় থেকেও মন্ত্রিত্বের বাইরে প্রভাবশালী মুখ
টুইট প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন মন্ত্রিসভা গঠনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক জল্পনা-কল্পনার অবসান ঘটতে শুরু করেছে। সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের পরপরই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্ভাব্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন। জানা গেছে, মোট ৪৯ জনকে শপথের জন্য ডাক দেওয়া হয়েছে।
তবে আলোচনায় থাকলেও শেষ মুহূর্তে মন্ত্রিসভায় স্থান পাননি কয়েকজন প্রভাবশালী নেতা। তাদের মধ্যে রয়েছেন— ড. খন্দকার মোশারফ হোসেন, ড. আব্দুল মইন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, রুহুল কবির রিজভী, ড. ওসমান ফারুক, আলতাফ হোসেন চৌধুরী, লুৎফুজ্জামান বাবর, ড. রেজা কিবরিয়া, আন্দালিব রহমান পার্থ, খায়রুল কবির খোকন এবং মাহবুব উদ্দিন খোকন প্রমুখ।
দলীয় ও রাজনৈতিক মহলে তাদের নাম ঘুরে বেড়ালেও চূড়ান্ত তালিকায় তারা স্থান পাননি। বিশ্লেষকদের মতে, দলীয় ভারসাম্য, প্রজন্মগত প্রতিনিধিত্ব এবং কৌশলগত সমন্বয়ের কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে।
এদিকে পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন ২৫ জন। তাদের মধ্যে রয়েছেন— মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমেদ, এ জেড এম জাহিদ হোসেন, খলিলুর রহমান (টেকনোক্র্যাট), আবদুল আওয়াল মিন্টু, শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আবদুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, আমিনুর রশিদ (টেকনোক্র্যাট), আফরোজা খানম রিতা, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আসাদুল হাবীব দুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের সুমন, দিপেন দেওয়ান, এহসানুল হক মিলন, সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল, ফকির মাহবুব আনাম এবং শেখ রবিউল আলম।
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন ২৪ জন। তাদের মধ্যে রয়েছেন— এম রাশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, শরীফুল আলম, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাহউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, মো. আমিনুল হক (টেকনোক্র্যাট), মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ হাবিব, রাজিব আহসান, মো. আব্দুল বারী, মীর শাহে আলম, জোনায়েদ আব্দুর রহিম সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন পুতুল, শেখ ফরিদুল ইসলাম, নুরুল হক নুর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেন, এম এ মুহিত, আহমেদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ এবং আলী নেওয়াজ খৈয়াম।
নতুন মন্ত্রিসভায় অভিজ্ঞ নেতা, টেকনোক্র্যাট এবং তরুণ রাজনীতিকদের সমন্বয় রাখা হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে। তবে আলোচনায় থেকেও বাদ পড়া নেতাদের বিষয়ে দলীয় সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।
আজ বিকেলের শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিএনপি নেতৃত্বাধীন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। পূর্ণাঙ্গ দায়িত্ব বণ্টন ও মন্ত্রণালয় নির্ধারণের পর রাজনৈতিক সমীকরণ আরও স্পষ্ট হবে বলে ধারণা করা হচ্ছে।






