কোনো অপশক্তির কাছে মাথা নত করব না: ডা. শফিকুর রহমান

টুইট ডেস্ক: নির্বাচন-পরবর্তী সহিংসতা ও দেশের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ডা. শফিকুর রহমান। আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনো ধরনের অপশক্তির কাছে তারা মাথা নত করবেন না।
ফেসবুক বার্তায় ডা. শফিকুর রহমান বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এক বিশেষ দলের নেতাকর্মীদের উশৃঙ্খল আচরণের খবর পাওয়া যাচ্ছে। তিনি অভিযোগ করেন, বিভিন্ন জায়গায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি ১১ দলীয় জোটের প্রতীকে ভোট দেওয়ার অপরাধে নারীদের শ্লীলতাহানির মতো ন্যক্কারজনক ঘটনা ঘটছে।
সহকর্মীদের উদ্দেশে দেওয়া এই বার্তায় তিনি অন্যায় ও অসত্যের বিরুদ্ধে অটল থাকার আহ্বান জানান। তিনি বলেন, ‘যেখানেই এ ধরনের আঘাত আসবে, জনগণকে সাথে নিয়ে মজলুমের পাশে দাঁড়িয়ে সেখানেই তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
তিনি এই মানবিক সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোকে মহান আল্লাহর সন্তুষ্টি এবং দেশপ্রেমের দাবি হিসেবে উল্লেখ করেন। এই দায়িত্ব পালনে কোনো ধরনের শিথিলতা বা দুর্বলতা দেখানোর সুযোগ নেই বলে তিনি নেতাকর্মীদের সতর্ক করে দেন।
বক্তব্যের শেষাংশে তিনি দেশবাসীর নিরাপত্তা ও ন্যায়ের পক্ষে অবিচল থাকার জন্য মহান আল্লাহর সাহায্য প্রার্থনা করেন।






