জনগণের আস্থায় আমি বিজয়ী হয়েছি: হাসনাত আবদুল্লাহ

টুইট ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিজয়ী এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘এই নির্বাচন ছিল আমার বিরুদ্ধে একটি বৃহৎ রাজনৈতিক ও প্রভাবশালী গোষ্ঠীর লড়াই। কিন্তু আমার সঙ্গে জনগণ ছিল। তাদের আস্থা ছিল। তাই আমি বিজয়ী হয়েছি।’
গতকাল শুক্রবার কুমিল্লা টাউন হল মাঠে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা ইনসাফ প্রতিষ্ঠা করব। আমার শত্রুর সঙ্গেও যেন কোনো বেইনসাফি না হয়, সে ধরনের সিস্টেম তৈরির জন্য আমাদের প্রচেষ্টা থাকবে। আমাদের ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো পুনর্গঠনে কাজ করব।’
তিনি বলেন, ‘আমার রাজনৈতিক দল এনসিপির রাজনীতির মূল অঙ্গীকার হলো-জবাবদিহি নিশ্চিত করা, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এবং রাষ্ট্র কাঠামো ঢেলে সাজানো।’
উল্লেখ্য, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে এক লাখ ৬৬ হাজার ৫৮৩টি ভোট পেয়ে বিজয়ী হন জামায়াত নেতৃত্বাধীন ১১ দল সমর্থিত প্রার্থী হাসনাত। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্ব্বী গণঅধিকার পরিষদের মো. জসিম উদ্দিন পান ৪৯ হাজার ৮৮৫ ভোট।






