২৯৭ আসনের গেজেট প্রকাশ, ভোটের হার ৫৯.৪৪ শতাংশ

বিএনপি জোট ২১২ আসনে জয়। শপথের প্রস্তুতি শুরু

টুইট ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের সরকারি ফলাফলের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে গণভোটের ফলাফলের গেজেটও প্রকাশ করা হয়েছে।

শুক্রবার গভীর রাতে জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৭ আসনে নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করা হয়।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলে। সংসদ নির্বাচনের পাশাপাশি এদিন দেশজুড়ে গণভোটও অনুষ্ঠিত হয়।

এবারের নির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি রাজনৈতিক দল অংশ নেয়। মোট প্রার্থী ছিলেন ২ হাজার ২৯ জন; এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৪ জন। নারী প্রার্থীর সংখ্যা ছিল ৮০ জন। নির্বাচনে মোট ১১৯টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

শুক্রবার ইসি সচিব আখতার আহমেদ জানান, সংসদ নির্বাচনে ২৯৭ আসনের প্রাপ্ত ভোটের ভিত্তিতে ভোটার উপস্থিতির হার ৫৯.৪৪ শতাংশ।

অন্যদিকে ২৯৯ আসনের গণভোটের একীভূত ফলাফলে ভোটের হার দাঁড়িয়েছে ৬০.২৬ শতাংশ।

ইসির প্রকাশিত তথ্যানুযায়ী, সংসদ নির্বাচনে বিএনপি জোট ২১২টি আসনে জয় পেয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামি পেয়েছে ৬৮টি আসন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৬টি আসন এবং স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছেন ৭টি আসনে।

এদিকে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি শুরু করেছে সংসদ সচিবালয়। শপথের গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুহূর্তটি সফলভাবে সম্পন্ন করতে প্রটোকল, নিরাপত্তা ও প্রয়োজনীয় সেবার বিষয়কে অগ্রাধিকার দিয়ে পরিকল্পনা সাজানো হয়েছে।