তিন আসনে এনসিপির প্রার্থীর রিভিউ আবেদন

ফল আটকে রাখা ও এμকাধিকবার গণনার অভিযোগ, পুনর্গণনার দাবি নির্বাচন কমিশনে।

টুইট ডেস্ক: ঢাকা-৮, পঞ্চগড়-১ ও দিনাজপুর-৫ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থীরা ফলাফল পুনর্গণনার আবেদন করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

আসিফ মাহমুদ বলেন, ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে এনসিপি ৬টিতে জয় পেয়েছে। এসব আসনে শাপলা কলি প্রতীকে মোট ২২ লাখ ৭০ হাজার ৩২ ভোট পড়েছে, যা মোট কাস্টিং ভোটের প্রায় সাড়ে তিন শতাংশ।

তিনি অভিযোগ করেন, ঢাকা-৮, পঞ্চগড়-১ ও দিনাজপুর-৫ আসনে এনসিপির প্রার্থীরা প্রাথমিকভাবে এগিয়ে থাকলেও দীর্ঘ সময় ফল আটকে রাখা হয়। একাধিকবার গণনা এবং ‘কাটাকাটি’র মাধ্যমে অল্প ব্যবধানে তাদের পরাজিত দেখানো হয়েছে বলে দাবি করেন তিনি।

এসব অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট তিনটি আসনে পুনর্গণনার আবেদন নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে বলে জানান এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান।