বিজয় মিছিল করবে না বিএনপি, হবে দোয়া মাহফিল

টুইট ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর কোন আনন্দ মিছিল বা সভা না করার নির্দেশনা দিয়েছে বিএনপি। শুক্রবার জুমার নামাজের পর দেশব্যাপী দোয়া মাহফিলের ঘোষণা দিয়েছে দলটি।

গত বৃহস্পতিবার দিবাগত রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটা জানায় দলটি।

জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি বিপুল সংখ্যক আসনে নির্বাচিত হওয়ায় ঢাকা মহানগরসহ দেশব্যাপী বিএনপি’র পক্ষ থেকে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানানো হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার বাদ জুমা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও দেশবাসীর প্রতি শুভ কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী মসজিদে মসজিদে জুমার নামাজ শেষে দোয়া অনুষ্ঠিত হবে।

বিএনপি জানায়, বিপুল ভোটে বিজয়ী হওয়ায় বিএনপি’র পক্ষ থেকে কোনও আনন্দ মিছিল কিংবা কোন সভা করা যাবে না। বিজ্ঞপ্তিতে ঢাকাসহ দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণকে দেশব্যাপী মসজিদে মসজিদে অনুষ্ঠিতব্য দোয়ায় অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়।

একই সঙ্গে, সারাদেশে মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে স্ব স্ব ধর্মীয় সম্প্রদায়ের মানুষদেরকে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করার জন্য অনুরোধ জানায় দলটি।