বান্দরবান ভিজিল্যান্স টিমের সভা: অবাধ নির্বাচনের অঙ্গীকার

অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে প্রশাসন–পুলিশের কঠোর প্রস্তুতি, অনিয়ম দমনে শূন্য সহনশীলতার বার্তা।
বান্দরবান প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে গঠিত ‘ভিজিল্যান্স ও অবজারভেশন টিম’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বান্দরবানের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার (৩০০, বান্দরবান আসন) শামীম আরা রিনি।
তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করবে।
সভায় পুলিশ সুপার মো. আবদুর রহমান জানান, নির্বাচনকে কেন্দ্র করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ ও টহল জোরদারে জেলা পুলিশের ব্যাপক প্রস্তুতি ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যেকোনো অনিয়ম, প্রভাব বিস্তার বা আইন-শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু তালেব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম হাসান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অং চ মংসহ উর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা।
ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের কার্যকর সমন্বয়, তথ্য আদান-প্রদান এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে নির্বাচনকে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে সকল সংস্থাকে একযোগে কাজ করার তাগিদ দেন জেলা প্রশাসক।
সভায় উপস্থিত কর্মকর্তারা বলেন, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের কোনো বিকল্প নেই।






