আপনার ভোটকেন্দ্র কোনটি এবং ভোটার নম্বর কীভাবে জানবেন

টুইট ডেস্ক: আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচনের দিন যেসব বাংলাদেশি নাগরিকের বয়স ১৮ বছর বা তার বেশি এবং নির্বাচন কমিশনের চূড়ান্ত ভোটার তালিকায় যাদের নাম রয়েছে, কেবলমাত্র সেসব নাগরিকরাই ভোট দিতে পারবেন। একজন ভোটার হিসেবে নির্বাচনের দিন দু’টি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র কোনটি এবং এবং ভোটার তালিকায় ভোটার নম্বর কত।

তথ্যগুলো জানতে আপনার মোবাইল থেকে যেতে হবে গুগল প্লে স্টোর কিংবা অ্যাপল অ্যাপ স্টোরে (অ্যান্ড্রয়েড কিংবা আইওএস অপারেটিং সিস্টেম)। এরপর নির্বাচন কমিশনের ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপটি ডাউনলোড করতে হবে। অ্যাপটি ইনস্টলের পর ড্যাশবোর্ড থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ সিলেক্ট করে ‘ভোট কেন্দ্র খুঁজুন’ অপশনে ক্লিক করতে হবে। এরপর এনআইডি নম্বর ও জন্ম তারিখ ইনপুট দিয়ে অনুসন্ধান করলে ভোটার নম্বর, ভোটার ক্রমিক নম্বর, ভোটকেন্দ্রের নাম ও কেন্দ্রের ঠিকানা প্রদর্শিত হবে।

এছাড়াও চারটি সহজ পদ্ধতিতে ভোটাররা নিজ ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন বলে জানিয়েছে ইসি।

অ্যাপে এনআইডি (জাতীয় পরিচয়পত্র) নম্বর ও জন্ম তারিখ দিলেই ভোটার তার ক্রমিক নম্বর ও কেন্দ্রের তথ্যের পাশাপাশি নির্বাচনী এলাকার প্রার্থীদের হলফনামা ও প্রতীক দেখতে পাবেন।

যেকোনো ভোটার ১০৫ হটলাইন নম্বরে কল করে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন। এজন্য হটলাইন নম্বরে (১০৫) কল করার পর অপারেটরের সঙ্গে কথা বলতে ৯ চাপতে হবে। এ পদ্ধতিতে তথ্য জানতে ভোটারের এনআইডি নম্বর ও জন্ম তারিখ প্রয়োজন হবে।

এসএমএসের মাধ্যমে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে। এ জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ‘পিসি এনআইডি’ (PC NID) লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানিয়ে দেওয়া হবে।

নির্বাচন কমিশনের ওয়েবসাইট, উপজেলা বা জেলা নির্বাচন অফিস থেকেও এই তথ্য পাওয়া যাবে। ভোটকেন্দ্রে গিয়ে ভোটার তালিকা থেকেও এই তথ্য সংগ্রহ করা যাবে।

নির্বাচনের দিন যেসব বাংলাদেশি নাগরিকের বয়স ১৮ বছর বা তার বেশি এবং নির্বাচন কমিশনের চূড়ান্ত ভোটার তালিকায় যাদের নাম রয়েছে, কেবল তারাই ভোট দিতে পারবেন। ভোটার তালিকায় নাম থাকার বিষয়টি মূলত জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) উল্লেখ থাকা জন্ম তারিখের ওপর নির্ভর করে। এই তালিকা অনুযায়ীই ভোটারদের কেন্দ্র নির্ধারণ করা হয়।