রাজশাহীতে পৃথক অভিযানে ২৪টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে পৃথক দুটি অভিযানে ২৪টি ককটেল ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব। মঙ্গলবার ভোর ৫টার দিকে র‌্যাব-৫ এর রাজশাহী সিপিএসসির একটি দল রাজশাহী উত্তর ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ২৪টি ককটেল উদ্ধার করে।

এদিকে একই রাতে র‌্যাব-৫ এর অপর একটি দল রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর পোল্লাপুকুর মোড় এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের ৪০টি দেশীয় অস্ত্র উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে চারটি রামদা, পাঁচটি হাসুয়া, পাঁচটি ছুরি, ১৮টি কুঠার সদৃশ টাঙ্গি এবং দুটি হাতলযুক্ত হ্যামার।

মঙ্গলবার বিকেলে র‌্যাব-৫ এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধারকৃত সব আলামত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব প্রাথমিকভাবে ধারণা করছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে বাধাগ্রস্ত করা অথবা আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এসব ককটেল ও দেশীয় অস্ত্র মজুদ করে রাখা হয়েছিল।

এ ঘটনায় জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাব-৫ এর অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানানো হয়েছে।