দুর্যোগ সক্ষমতা বাড়াতে সশস্ত্র বাহিনীকে আধুনিক ভারী যন্ত্রপাতি হস্তান্তর

ভূমিকম্প ও দুর্যোগকালীন উদ্ধার কার্যক্রম জোরদারে সেনাবাহিনীতে যুক্ত হলো ডোজার ও ফর্কলিফট।
টুইট ডেস্ক: বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ হওয়ায় দুর্যোগ মোকাবিলায় শক্তিশালী, সমন্বিত ও কার্যকর ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত জরুরি। এই বাস্তবতায় দেশে ও দেশের বাইরে প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা ও মোকাবিলায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী দীর্ঘদিন ধরে পেশাদারিত্ব, দূরদর্শিতা ও নিষ্ঠার সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মধ্যকার পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় দুর্যোগ মোকাবিলার ক্ষেত্রে একটি সফল ও উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রাকৃতিক দুর্যোগের পূর্বপ্রস্তুতি, দুর্যোগকালীন জরুরি উদ্ধার ও ত্রাণ কার্যক্রম, পাশাপাশি পুনর্বাসন ও পুনর্গঠন—প্রতিটি পর্যায়ে সমন্বিত ও সুসংগঠিত পরিকল্পনা এই কার্যক্রমকে আরও কার্যকর ও ফলপ্রসূ করে তুলেছে।
সাম্প্রতিক সময়ে সংঘটিত ফেনীর বন্যা, মাইলস্টোন স্কুলে অগ্নিনির্বাপনসহ বিভিন্ন জরুরি পরিস্থিতিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা তাদের উচ্চমাত্রার পেশাদারিত্ব ও দক্ষতার প্রমাণ দিয়েছেন। দুর্যোগ মোকাবিলায় সশস্ত্র বাহিনীর অংশগ্রহণ আরও কার্যকর ও ফলপ্রসূ করতে সরকার দীর্ঘদিন ধরেই বিশেষায়িত সরঞ্জাম ও প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করে আসছে।
এরই ধারাবাহিকতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আজ ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকাল ৯টায় ঢাকা সেনানিবাসে অবস্থিত ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডে একটি হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব ফারুক ই আজম, বীর প্রতীক; সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান, বিএসপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি, পিএইচডি; এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ সাইদুর রহমান খান।
অনুষ্ঠানে ‘ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগকালে অনুসন্ধান, উদ্ধার অভিযান পরিচালনা এবং জরুরি যোগাযোগের জন্য যন্ত্রপাতি সংগ্রহ (৩য় পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আওতায় ক্রয়কৃত দুর্যোগ সক্ষমতা সরঞ্জাম বাংলাদেশ সশস্ত্র বাহিনী তথা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। হস্তান্তরকৃত সরঞ্জামগুলোর মধ্যে রয়েছে ২০ টন ক্ষমতাসম্পন্ন ৩টি ডোজার, ৪৮ টন ক্ষমতাসম্পন্ন ৩টি হেভি ডোজার এবং ১৫ টন ক্ষমতাসম্পন্ন ৩টি ফর্কলিফট।
এর আগেও দুর্যোগ মোকাবিলায় সশস্ত্র বাহিনীর কাছে বিভিন্ন পর্যায়ে ভারী ও হালকা যন্ত্রপাতি হস্তান্তর করা হয়েছে। নতুনভাবে সংযোজিত এসব সরঞ্জাম দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা, ধ্বংসস্তূপ অপসারণ, ভূমিধস ও আবর্জনা দ্রুত পরিষ্কার, জরুরি যান চলাচলের জন্য রাস্তা উন্মুক্তকরণ এবং অস্থায়ী আশ্রয়কেন্দ্র ও অপারেশন এলাকা প্রস্তুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতেও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে একটি দুর্যোগ সহনশীল, নিরাপদ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।






