নিজ এলাকার বাইরে অবস্থানে সাড়ে ৮২ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি

টুইট ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন (ইসি) সাড়ে ৮২ ঘণ্টার জন্য নির্বাচনি এলাকার বাইরের ব্যক্তিদের অবস্থান নিষিদ্ধ করেছে।

এই নিষেধাজ্ঞা কার্যকর হবে আগামীকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে ১৩ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। অর্থাৎ ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে ভোটগ্রহণ সমাপ্তির ২৪ ঘণ্টা পর পর্যন্ত এ নিয়ম বলবৎ থাকবে।
সোমবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। নির্দেশনাটি দেশের সব জেলা প্রশাসক, পুলিশ সুপার ও মহানগর পুলিশ কমিশনারদের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচনি কার্যক্রমে সম্পৃক্ত ব্যক্তি, ইসির অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক, সাংবাদিক এবং সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার বাসিন্দা বা ভোটার ব্যতীত অন্য কোনো ব্যক্তি এ সময়ে নির্বাচনি এলাকায় অবস্থান করতে পারবেন না।
এই নিয়ম লঙ্ঘন করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

প্রচারণার শেষ দিনে সারা দেশে বড় বড় সমাবেশ ও পথসভা চলছে। বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা বক্তব্য দিয়েছেন।

আগামীকাল সকাল সাড়ে ৭টা থেকে সব ধরনের নির্বাচনি প্রচারণা বন্ধ হয়ে যাবে। নির্বাচন কমিশন জানিয়েছে, নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে এবং আইনশৃঙ্খলা বাহিনী মাঠে সক্রিয় থাকবে।