বাগমারায় র‌্যাবের অভিযানে ৫৬টি দেশীয় অ/স্ত্র উদ্ধার

নির্বাচন ও গণভোট সামনে রেখে নাশকতার আশঙ্কা, বইকুড়ি সরদারপাড়ায় গভীর রাতে বিশেষ অভিযান!

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাগমারা উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫।

র‌্যাব-৫ সূত্র জানায়, শুক্রবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বাগমারা থানার বইকুড়ি সরদারপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন ধরনের মোট ৫৬টি দেশীয় অ/স্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ১৬টি ছুরি, ৪টি চাপাতি, ৪টি হাসুয়া এবং কুঠার সদৃশ ৩২টি টাঙ্গি। অস্ত্রগুলো নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়েছে।

পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামত বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাবের প্রাথমিক ধারণা, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নাশকতা কিংবা এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এসব অস্ত্র মজুদ করা হয়ে থাকতে পারে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৫।