তারাগঞ্জে ইউপি চেয়ারম্যান ইদ্রিস গ্রেপ্তার

রংপুর কোতোয়ালি থানার মামলায় সকালে অভিযান চালিয়ে ইকরচালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

তারাগঞ্জ (রংপুর) প্রতি‌নি‌ধি: রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পতিত আওয়ামী লীগের উপজেলা পর্যায়ের নেতা ইদ্রিস আলীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

রবিবার (৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ইকরচালী ইউনিয়নের মাঝেরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট যৌথভাবে অভিযান পরিচালনা করে।

তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, রংপুর কোতোয়ালি থানায় দায়েরকৃত এফআইআর নং–০৭ (তারিখ: ১৭ নভেম্বর ২০২৫) এবং জিআর নং–১০৮/২৫ অনুযায়ী সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯-এর ৬(২)(ই), ৮, ৯(৩১), ১০ ও ১২ ধারায় ইদ্রিস আলীকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে তারাগঞ্জ থানার মাধ্যমে রংপুর জেলা কারাগারে প্রেরণ করা হবে।

স্থানীয় সূত্র জানায়, ইদ্রিস আলী দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন এবং তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ঘিরে এলাকায় আলোচনা চলছিল। গ্রেপ্তারের খবরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।