রাজশাহীতে ধানের শীষের পক্ষে সড়ক পরিবহন গ্রুপ ও শ্রমিক সংগঠনের গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে সড়ক পরিবহন গ্রুপ, মোটর শ্রমিক ইউনিয়ন এবং রাজশাহী সড়ক পরিবহন কর্মচারী ইউনিয়নের যৌথ উদ্যোগে নগরীতে রাজশাহী-২ সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে গণসংযোগ ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রেলগেট এলাকা থেকে শুরু হওয়া মিছিল শিরোইল কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে শেষ হয়।
মিছিল চলাকালীন নগরীর সিএনজি স্ট্যান্ড, রেলগেট এলাকা, রেল স্টেশন এলাকা ও শিরোইল বাস টার্মিনালে বিভিন্ন টিকেট কাউন্টার মাস্টার, দোকানদার, পথচারী ও সাধারণ মানুষের মধ্যে নির্বাচনী লিফলেট বিতরণ করা হয়। এছাড়া ঢাকা বাস টার্মিনালের পার্শ্ববর্তী কাউন্টারগুলিতে যাত্রীদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করা হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মহাসচিব, উত্তরবঙ্গ সড়ক পরিবহন সমিতি ও রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল, রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম তোতা, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি, রাজশাহী সড়ক পরিবহন কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইদুল আলম মিঠু, মহানগর শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি বারেক শেখ, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস কবির, আজিজুল ইসলামসহ অন্যান্য শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ বলেন, ধানের শীষ শ্রমজীবী মানুষের অধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করবে বলে তারা আশাবাদ প্রকাশ করেন।
মিছিল ও গণসংযোগ কর্মসূচি সকাল ১০:৩০ থেকে দুপুর ১২টা পর্যন্ত চলেছে এবং জেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এই প্রচারণা ও লিফলেট বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।






