তারাগঞ্জে বাবার নির্বাচনী প্রচারে এটিএম আজহারুল ইসলামের ছেলে

আব্দুল্লাহিল মতিন শাহীন, তারাগঞ্জ: রংপুরের তারাগঞ্জ উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াত সমর্থিত প্রার্থী এটিএম আজহারুল ইসলামের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন তার ছেলে তাসনিম আজহার সুমন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তারাগঞ্জ বাজারের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং সাধারণ ভোটারদের কাছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগকালে তাসনিম আজহার সুমন ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিভিন্ন উন্নয়নমূলক বিষয় তুলে ধরেন। এ সময় তিনি তার বাবার পক্ষে নানা উন্নয়ন প্রতিশ্রুতির কথাও জানান।

জানা যায়, এটিএম আজহারুল ইসলাম এর আগে এ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে নির্বাচন করলেও জয়লাভ করতে পারেননি। তবে এবার আওয়ামী লীগের প্রার্থী না থাকায় আসনটিতে তিনি শক্ত অবস্থানে রয়েছেন বলে দলীয় নেতাকর্মীরা দাবি করছেন।

প্রচারকালে উপস্থিত স্থানীয় নেতাকর্মীরা বলেন, এটিএম আজহারুল ইসলাম একজন যোগ্য ও আদর্শবান নেতা। তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও সকল সম্প্রদায়ের মানুষের সহাবস্থান আরও সুদৃঢ় হবে বলে তারা আশা প্রকাশ করেন।