সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রস্তুত র্যাব

র্যাব মহাপরিচালকের বান্দরবানে বিশেষ সফর
অসীম রায় (অশ্বিনী), বান্দরবান: র্যাব ফোর্সেসের মহাপরিচালক একেএম শহিদুর রহমান, বিপিএম, পিপিএম, এনডিসি (অতিরিক্ত আইজিপি, গ্রেড-১) দুই দিনের বিশেষ সফরে বান্দরবান পার্বত্য জেলায় অবস্থান করেছেন। সফরকালে তিনি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচন এবং গণভোটের নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা করেন।
সফরের শুরুতে বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মো. আবদুর রহমান মহাপরিচালককে শুভেচ্ছা জানান। পরে জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
মহাপরিচালক জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় তিনি নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নিরাপত্তা পরিকল্পনা, প্রস্তুতি ও সমন্বয় কার্যক্রমের খোঁজ নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
মতবিনিময় সভায় র্যাব মহাপরিচালক বলেন, “আমরা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের দেশ জনগণের হাতেই তুলে দিতে চাই। জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই এই নির্বাচনের মূল লক্ষ্য। দেশের স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিজ নিজ দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা করবেন না।”
সফরের শেষ পর্যায়ে তিনি মেঘলা র্যাব ক্যাম্প পরিদর্শন করেন।






