ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি ঘিরে সংঘর্ষে আহত অনেকে

ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি ঘিরে সং/ঘর্ষে গু/লিবিদ্ধ রাকসু জিএসসহ আ/হত অনেকে
টুইট ডেস্ক: রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করা হয়েছে। ডাকসুর মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা ও রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মারসহ আরও কয়েকজন আহত হয়েছেন বলেও জানিয়েছে সংগঠনটি।
শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে যাওয়ার সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে বলে অভিযোগ ইনকিলাব মঞ্চের।
সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন এবং কয়েকজন নেতাকর্মীর অবস্থা আশঙ্কাজনক। জুলাই মঞ্চের একটি ফেসবুক পোস্টেও শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার অভিযোগ তুলে একাধিক নেতাকর্মী আহত হওয়ার দাবি করা হয়েছে।
আব্দুল্লাহ আল জাবেরের ফেসবুক আইডি থেকেও দেওয়া এক পোস্টে জানানো হয়, সংঘর্ষে শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন এবং তিনিও গুলিবিদ্ধ। সেখানে সবাইকে শান্ত থাকার আহ্বান জানানো হয় এবং চিকিৎসা নিয়ে পরে কর্মসূচিতে ফেরার কথা উল্লেখ করা হয়।
ইনকিলাব মঞ্চ শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত জাতিসংঘের অধীনে করার এবং জড়িতদের বিচারের দাবিতে এ কর্মসূচি পালন করছিল। দাবির বিষয়ে সরকারের আনুষ্ঠানিক পদক্ষেপ না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি।
তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।





