পাকিস্তানের ইসলামাবাদে সুইসাইড হামলা: নিহত ৩১, আহত দুই শতাধিক

তারলাই কালানে জুমার নামাজে বিস্ফোরণ, জরুরি অবস্থা জারি। গেটে আটকানোর পর হামলাকারীর আত্মঘাতী বিস্ফোরণ; তাকফিরি গোষ্ঠীর সংশ্লিষ্টতার সন্দেহ, তদন্তে পুলিশ।

টুইট প্রতিবেদন: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের তারলাই কালান এলাকায় অবস্থিত ইমামবাড়গাহ খাদিজাতুল কুবরা-তে ভয়াবহ সুইসাইড বোমা হামলায় অন্তত ৩১ জন নিহত এবং ১৬৯ জনের বেশি আহত হয়েছে।

শুক্রবারের (৬ ফেব্রুয়ারি) জুমার নামাজের সময় এ হামলা ঘটে। গুরুতর আহতদের অবস্থার কারণে নিহতের সংখ্যা বাড়তে পারে।

পুলিশ জানায়, সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারীকে ইমামবাড়ার প্রধান ফটকে আটকানোর চেষ্টা করা হলে সে নিজেকে উড়িয়ে দেয়। নিরাপত্তারক্ষীদের তৎপরতায় ভেতরে আরও বড় প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে বলে দাবি করা হয়েছে।

হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে পুলিশ ও গোয়েন্দা সূত্রের ধারণা, হামলাকারীর সঙ্গে ‘ফিতনা আল-খোয়ারিজ’ নামে পরিচিত তাকফিরি জঙ্গি নেটওয়ার্কের সংশ্লিষ্টতা থাকতে পারে, যাদের সঙ্গে TTP-ঘনিষ্ঠতার অভিযোগ রয়েছে। ঘটনাটিকে শিয়া সম্প্রদায়ের ওপর পরিকল্পিত সেক্টেরিয়ান হামলা হিসেবে দেখা হচ্ছে।

হামলার পর ইসলামাবাদের প্রধান হাসপাতালগুলোতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন। এলাকা কর্ডন করে তদন্ত চলছে।

এদিকে বেলুচিস্তানে সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেলুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী (BLA) ও পাকিস্তান সেনাবাহিনীর অভিযানে ব্যাপক প্রাণহানি হয়েছে। সেনাবাহিনীর দাবি, এক সপ্তাহের অভিযানে ২১৬ জনের বেশি জঙ্গি নিহত হয়েছে।

তবে ৩১ জনের বেশি বেসামরিক মৃত্যুর অভিযোগ নিয়ে বিতর্ক চলছেই। অঞ্চলটিতে এখনো চরম অস্থিরতা বিরাজ করছে।

সংবাদ সূত্র: AP, Al Jazeera, Reuters, Sky News, Anadolu Agency, The Indian Express, আন্তর্জাতিক মিডিয়া রিপোর্ট