চুয়াডাঙ্গা-২ ফেরাতে আশাবাদী বিএনপি

ভোটের দ্বারপ্রান্তে’ অনুষ্ঠানে প্রতিশ্রুতি ও পরিকল্পনার কথা বললেন মাহমুদ হাসান খান বাবু।

টু‌ইট প্রতি‌বেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চ্যানেল ডি.ও নিউজের বিশেষ রাজনৈতিক অনুষ্ঠান ‘ভোটের দ্বারপ্রান্তে’-তে অংশ নিয়েছেন চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু।

অনুষ্ঠানে তিনি তার নির্বাচনী পরিকল্পনা, উন্নয়ন ভাবনা এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার তুলে ধরেন।

অনুষ্ঠানে মাহমুদ হাসান খান বাবু বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে চুয়াডাঙ্গা-২ আসনে কৃষিভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান, কৃষিপণ্য সংরক্ষণের জন্য আধুনিক খাদ্য হিমাগার এবং কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করার কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বেকার যুবকদের কর্মসংস্থানে শিল্প ও প্রশিক্ষণভিত্তিক উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

তিনি বলেন, “চুয়াডাঙ্গা একটি কৃষিনির্ভর জনপদ। এখানকার উন্নয়নের মূল চাবিকাঠি কৃষি ও কর্মসংস্থান। অতীতে বিএনপি সরকারের আমলে অবকাঠামো উন্নয়ন, খাল খননসহ কৃষিবান্ধব বহু উদ্যোগ নেওয়া হয়েছিল। আমরা সেই উন্নয়নের ধারাবাহিকতা ফিরিয়ে আনতে চাই।”

মাহমুদ হাসান খান বাবু শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি দেশের তৈরি পোশাক খাতের একজন প্রভাবশালী উদ্যোক্তা। তিনি বর্তমানে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)-এর সভাপতি, বিএনপির কেন্দ্রীয় কমিটির উপ-কোষাধ্যক্ষ, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি এবং দেশের স্বনামধন্য শিল্পগোষ্ঠী রাইজিং গ্রুপ-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

তার ব্যবসায়িক সাফল্য ও সাংগঠনিক অভিজ্ঞতা স্থানীয় ভোটারদের কাছে তাকে একটি শক্ত অবস্থানে রেখেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

চুয়াডাঙ্গা-২ আসনটি কৃষিনির্ভর এলাকা হিসেবে পরিচিত। এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় ৪ লাখ ৯২ হাজার। আসন্ন নির্বাচনে বিএনপির পাশাপাশি জামায়াত-ই-ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

তবে মাহমুদ হাসান খান বাবুর ব্যক্তিগত ইমেজ, অর্থনৈতিক সক্ষমতা এবং দীর্ঘদিনের স্থানীয় নেতৃত্বের কারণে বিএনপি এ আসন পুনরুদ্ধারে আশাবাদী।

স্থানীয় চ্যানেল ডি.ও নিউজের এই বিশেষ অনুষ্ঠান ভোটারদের সামনে প্রার্থীদের দৃষ্টিভঙ্গি ও পরিকল্পনা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে।

আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬-এর ভোটে চুয়াডাঙ্গা-২ আসনের রায় কোন দিকে যায়, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে কৌতূহল বাড়ছে।