পাহাড়ে এনসিপি প্রার্থী সূজাউদ্দিনের নির্বাচনী পথসভা

পাহাড়ে এনসিপি প্রার্থী আবু সাঈদ মোহাম্মদ সূজাউদ্দিনের নির্বাচনী পথসভা

অসীম রায় (অশ্বিনী), বান্দরবান: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবান-৩০০ আসনে ১১ দলীয় জোট মনোনীত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী আবু সাঈদ মোহাম্মদ সূজাউদ্দিন শাপলা কলি প্রতীকের পক্ষে নির্বাচনী পথসভা করেছেন।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বান্দরবান উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, সদর ও বলিপাড়া বাজারসহ আশপাশের পাড়ায় এসব পথসভা অনুষ্ঠিত হয়। এতে জেলা ও উপজেলা পর্যায়ের এনসিপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা অংশ নেন। পাশাপাশি সাধারণ ভোটারদেরও স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

পথসভায় আবু সাঈদ মোহাম্মদ সূজাউদ্দিন বলেন, পাহাড়ি ও সমতলের সব সম্প্রদায়কে সঙ্গে নিয়ে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও উন্নত বান্দরবান গড়ে তোলাই তাঁর প্রধান লক্ষ্য। জনগণের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিত করা এবং পাহাড়ি অঞ্চলের অবকাঠামোগত উন্নয়নে সংসদে কার্যকর ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন তিনি।

তিনি ভোটারদের শাপলা কলি প্রতীকে ভোট দিয়ে ১১ দলীয় জোটের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান। এ নির্বাচনকে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ সুযোগ বলেও উল্লেখ করেন।

পথসভাগুলো শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। শেষে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে নির্বাচনী প্রচারণা জোরদার করেন।