দায়িত্ব পেলে রাজশাহীতে ডেন্টাল কলেজ চালুর প্রতিশ্রুতি: জামায়াত আমির

১১ দলীয় ঐক্য জোটের জনসভায় উন্নয়ন, দুর্নীতি দমন ও সাম্যের রাজনীতির কথা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দায়িত্ব পেলে রাজশাহীতে পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ চালু, গ্যাস সরবরাহ নিশ্চিতকরণ ও বন্ধ সুগার মিল পুনরায় চালুর উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, রাজশাহীতে একটি পুরনো মেডিকেল কলেজ থাকলেও ডেন্টাল ইউনিটকে পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজে রূপান্তরের উদ্যোগ থেমে আছে। দায়িত্ব পেলে তা দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন তিনি। উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, “আপনাদের পছন্দের লোকদের দায়িত্ব দিলে উন্নয়নের কাজ আমরা নিজেরাই খুঁজে বের করে করব।”

তিনি আরও বলেন, দেশে ন্যায়ভিত্তিক শাসন প্রতিষ্ঠিত না হওয়ায় নানা সমস্যার সৃষ্টি হয়েছে। ১১ দলীয় জোট ক্ষমতায় এলে চাঁদাবাজি ও দুর্নীতির সুযোগ থাকবে না বলেও প্রতিশ্রুতি দেন।

সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর জোর দিয়ে জামায়াত আমির বলেন, সব ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চান তারা। “হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, সাঁওতালসহ সব সম্প্রদায়ের মানুষ এ দেশের অংশ। আমরা বিভক্তি নয়, ঐক্য চাই,”—বলেন তিনি।

রাজনীতিতে বংশানুক্রমিক ধারা বন্ধ করে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব প্রতিষ্ঠার কথাও উল্লেখ করেন ডা. শফিকুর রহমান। পাশাপাশি প্রতিবেশীসহ সব দেশের সঙ্গে সমতা ও মর্যাদার ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

জনসভায় নারী-পুরুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। আয়োজকদের দাবি, এটি রাজশাহীতে জামায়াতের উদ্যোগে নারী-পুরুষের সমন্বয়ে অনুষ্ঠিত সবচেয়ে বড় নির্বাচনী সমাবেশ। এর আগে তিনি গোদাগাড়ী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার জনসভায় বক্তব্য দেন।