শীতের রাতে উষ্ণতার ছোঁয়া: শীতার্তদের পাশে ৩৮ বিজিবি

সীমান্ত পাহারার পাশাপাশি মানবিক দায়িত্বে বলিপাড়া জোন (৩৮ বিজিবি)
বান্দরবান প্রতিনিধি: শীতের কনকনে ঠান্ডায় যখন দুর্গম পাহাড়ি এলাকার দরিদ্র মানুষগুলো কষ্টে দিন কাটাচ্ছেন, ঠিক তখনই তাদের পাশে দাঁড়াল বলিপাড়া জোন (৩৮ বিজিবি)। মানবিক কার্যক্রমের অংশ হিসেবে বান্দরবান জেলার থানচি উপজেলায় শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বিজিবি।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) থানচি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় ২৮০ জন অসহায়, দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে ২৮০টি কম্বল বিতরণ করা হয়। দুর্গম সীমান্তবর্তী এলাকার মানুষের শীতজনিত কষ্ট লাঘব করাই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য।

ছবি: নিজস্ব
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন বলিপাড়া জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ ইয়াসির আরাফাত হোসেন, বিপিএমএস (পদাতিক)।
তিনি বলেন, “সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি বিজিবি সর্বদা সাধারণ জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বলিপাড়া জোনের সহকারী পরিচালক মোঃ জাকির হোসেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।
শীতবস্ত্রপ্রাপ্ত উপকারভোগীরা এই মানবিক সহায়তার জন্য বলিপাড়া জোন (৩৮ বিজিবি)-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের সঙ্গে বিজিবির সম্পর্ককে আরও দৃঢ় করছে এবং পাহাড়ি অঞ্চলে আস্থা ও সহযোগিতার পরিবেশ সৃষ্টি করছে।
সংশ্লিষ্ট মহল মনে করছে, সীমান্ত রক্ষার পাশাপাশি জনকল্যাণমূলক এ ধরনের মানবিক কর্মকাণ্ড বিজিবির পেশাদারিত্ব ও মানবিক চেতনারই প্রতিফলন।






