মার্কিন জাহাজে হামলার প্রস্তুতি নিচ্ছে হুথি

টুইট ডেস্ক: মার্কিন জাহাজে সম্ভাব্য হামলার প্রস্তুতি হিসেবে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের গুদাম স্থানান্তর করেছে এমনটাই জানিয়েছে ইসরাইলি ‘কান নিউজ

প্রতিবেদন অনুসারে, হুথিদের এমন পদক্ষেপের পর গত মে মাস থেকে অঞ্চলটিতে যে ভঙ্গুর শান্ত অবস্থা বজায় ছিল, তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। হুথিদের বিরুদ্ধে লড়াইরত একটি গোষ্ঠীর এক সূত্র মার্কিন প্রশাসনকে জানিয়েছে, লোহিত সাগর ও আরব সাগরে মার্কিন জাহাজগুলোর ওপর পুনরায় হামলা চালানোর জন্য হুথিরা কার্যকরভাবে প্রস্তুতি নিচ্ছে।

ইরানের ওপর সম্ভাব্য হামলার প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্র আরব সাগরে একটি বিমানবাহী রণতরী এবং অতিরিক্ত যুদ্ধজাহাজ মোতায়েনের সিদ্ধান্ত নেয়ার পরই এ তথ্য সামনে এলো। এর আগে জানা যায়, অবস্থান পরিবর্তন করে মার্কিন নৌবাহিনীর আব্রাহাম লিংকন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে দক্ষিণ ইয়েমেনের জলসীমায় নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট একটি সামরিক গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ইরানভিত্তিক সংবাদ সংস্থা ডব্লিউএএনএ।

সূত্রের মতে, একাধিক ডেস্ট্রয়ার ও একটি সহায়ক সাবমেরিনসহ যুক্তরাষ্ট্রের এই বহরটি বর্তমানে ইয়েমেনের সোকোত্রা দ্বীপের পূর্বে এডেন উপসাগরের কাছে মোতায়েন রয়েছে। সেই হিসাবে বহরটি ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বন্দর চাবাহার থেকে আনুমানিক ১ হাজার ৪০০ কিলোমিটার দূরে অবস্থান করছে, যা আগের তুলনায় ইরানের উপকূলীয় জলসীমা থেকে আরও বেশি দূরত্ব নির্দেশ করে।

ইরানি কর্মকর্তারা যখন ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বৃদ্ধি নিয়ে সতর্কবার্তা দিচ্ছেন, তখনই যুদ্ধজাহাজের অবস্থান পরিবর্তনের খবর এলো। তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানা যায়নি। মার্কিন কর্তৃপক্ষও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য দেয়নি।