আল হিলালকে এশিয়ার ‘রিয়াল মাদ্রিদ’ বললেন বেনজেমা

বেনজেমা আল হিলালকে এশিয়ার ‘রিয়াল মাদ্রিদ’ বললেন, লক্ষ্য ট্রফি জেতা

টুইট ডেস্ক: ফরাসি তারকা করিম বেনজেমা সৌদি প্রো লিগের শীর্ষ ক্লাব আল হিলালকে এশিয়ার ‘রিয়াল মাদ্রিদ’ হিসেবে আখ্যায়িত করেছেন। নতুন ক্লাবে যোগ দেওয়ার পর তিনি জানিয়েছেন, আল হিলালের হয়ে শিরোপা জেতাই তার মূল লক্ষ্য।

গত সোমবার আনুষ্ঠানিকভাবে আল ইত্তিহাদ ছেড়ে আল হিলালে যোগ দেন ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। ক্লাবের ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “এখানে এসে খুব ভালো লাগছে। প্রথম অনুশীলনেই বুঝতে পেরেছি, আমি একটি বড় দলের অংশ হয়েছি। কোচ ও সতীর্থদের সঙ্গে কাজ করে আনন্দিত। আল হিলাল ইতিহাসে অনেক শিরোপা জিতেছে, ভালো সমর্থক ও খেলোয়াড়দের সঙ্গে এটি সত্যিই এশিয়ার রিয়াল মাদ্রিদ।”

বেনজেমা উল্লেখ করেন, আগেও তিনি রিয়াল মাদ্রিদের হয়ে আল হিলালের বিপক্ষে খেলেছেন। “কখনোই সহজ ম্যাচ ছিল না। এখন আমি আল হিলালের খেলোয়াড় হওয়ায় আনন্দিত।”

সৌদি প্রো লিগ কর্তৃপক্ষের প্রস্তাব এবং আল ইত্তিহাদের চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, “নতুন চুক্তিতে সম্মানজনক শর্ত না থাকায় আল হিলালই সঠিক জায়গা ছিল। ইউরোপের কয়েকটি প্রস্তাব পেয়েও আমি এখানে থাকতে সিদ্ধান্ত নিয়েছি।”

বেনজেমা আল হিলালে যোগ দিয়ে নিজের লক্ষ্যও স্পষ্ট করেছেন। তিনি বলেন, “আমার মানসিকতা সবাই জানে। মাঠে সর্বোচ্চ দিয়ে দলকে সাহায্য করব এবং ইনশাআল্লাহ শিরোপা জিতব।”

২০২৩ সালের গ্রীষ্মে সৌদি আরবে পা রাখার আগে রিয়াল মাদ্রিদের হয়ে বেনজেমা ২৫টি শিরোপা জিতেছেন, যার মধ্যে চারটি লা লিগা, তিনটি কোপা দেল রে এবং পাঁচটি চ্যাম্পিয়নস লিগ। চলতি মৌসুমে সৌদি প্রো লিগে ১৪ ম্যাচে তিনি ৮ গোল করেছেন। আল হিলালের জার্সিতে তার অভিষেক হতে পারে বৃহস্পতিবার আল ওখদুদের বিপক্ষে লিগ ম্যাচে।