বিএনপির রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি: ডা. জুবাইদা রহমান

সমতা, মেধা ও জনতার আগে নেতার নীতি বাস্তবায়নের আহ্বান

টুইট ডেস্ক: বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, “বিএনপির রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি।” বুধবার (৪ ফেব্রুয়ারি) হাতিরঝিলে পেশাজীবীদের আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

ডা. জুবাইদা বলেন, “আমাদের সমস্যা অনেক, তবে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে তা সমাধান সম্ভব। এখন আমাদের গৌরবের নতুন সূর্যোদয়। আমরা বলি—আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ।”

তিনি ভেদাভেদের আগে সমতার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, “সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। আমরা চাই সকলকে শ্রমের মর্যাদা, মেধার মূল্যায়ন এবং মেধাভিত্তিক চাকরি দেওয়া হোক। শোষণের আগে অধিকার রক্ষা করতে হবে। আমরা এমন একটি সমাজ গড়তে চাই যেখানে নেতার আগে জনতা থাকবে। এজন্য সবাইকে একসাথে কাজ করতে হবে।”