জামায়াতে ইসলামী আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ইশতেহার ঘোষণা

৪১ ভিশন ও ২৬ অগ্রাধিকারের মাধ্যমে বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার

টুইট ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জামায়াতে ইসলামী আনুষ্ঠানিকভাবে তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনে আয়োজিত অনুষ্ঠানে দলটির আমির ডা. শফিকুর রহমান ইশতেহার প্রকাশ করেন। এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শফিকুর রহমান বলেন, “এই ইশতেহার কোনো দলের নয়, জনগণের; বিভাজনের নয়, ঐক্যের।” জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে ৪১টি ভিশন নিয়ে তৈরি করা ইশতেহারে ২৬টি বিষয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

ইশতেহারের প্রথম ভাগে বৈষম্যহীন, শক্তিশালী ও মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার করা হয়েছে। এতে অন্তর্ভুক্ত রয়েছে:

শাসনব্যবস্থার মৌলিক সংস্কার

রাজনৈতিক ব্যবস্থার আমূল পরিবর্তন

কার্যকর জাতীয় সংসদ ও নির্বাচনী সংস্কার

জবাবদিহিতামূলক জনপ্রশাসন

দুর্নীতিমুক্ত বাংলাদেশ

আইন ও বিচারব্যবস্থা

তথ্য ও গণমাধ্যমের উন্নয়ন

দ্বিতীয় ও তৃতীয় ভাগে উল্লেখ করা হয়েছে আত্মনির্ভর পররাষ্ট্রনীতি, শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংস্কার, টেকসই অর্থনৈতিক উন্নয়ন এবং ব্যাপকভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি। বাণিজ্য, বস্ত্র ও পাট, শিল্প, শ্রম ও প্রবাসী কল্যাণকে অগ্রাধিকার দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

এছাড়া কৃষি ও খাদ্য নিরাপত্তা, মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলা, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং যুবকদের নেতৃত্বে প্রযুক্তি বিপ্লবের রূপরেখা ইশতেহারে অন্তর্ভুক্ত।

ইশতেহারে নারী ও শিশু নিরাপত্তা, সমাজকল্যাণ এবং অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।