ফরিদপুরকে বিভাগ করা হবে: তারেক রহমান

নদীভাঙন ও পানি সংকট সমাধান করা হবে
টুইট ডেস্ক: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ফরিদপুরকে বিভাগ করার যে দাবি রয়েছে, তা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে পূরণ করার প্রতিশ্রুতি দিয়েছেন। এজন্য ১২ ফেব্রুয়ারির ভোটে তিনি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
বুধবার (৪ ফেব্রুয়ারি) ফরিদপুরের ঐতিহাসিক সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, ফরিদপুরের অন্যতম সমস্যা নদী ভাঙন সমাধান করা হবে। এছাড়া পানি সংকট নিরসনে পদ্মা ব্যারেজ নির্মাণ করা হবে। কৃষকদের সহযোগিতা এবং কর্মসংস্থান বৃদ্ধির জন্য ‘কৃষক কার্ড’ সুবিধা কার্যকর করার কথাও তুলে ধরেন।
জামায়াতকে ইঙ্গিত করে তিনি বলেন, “জনগণের ভোটাধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। এরা মুখে একরকম আচরণ দেখায়, কাজে অন্যরকম। যারা নিজের দেশের মা-বোনের বিরুদ্ধে অবস্থান নেন, তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। একাত্তরে এদের ভূমিকা মানুষ দেখেছে।”
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে জনগণের শাসন ও জবাবদিহি সরকার প্রতিষ্ঠা করবে। দেশ গঠন ও মানুষের ভাগ্য পরিবর্তন করা দলের মূল লক্ষ্য।






