৯ ফেব্রুয়ারি বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

টুইট ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি।
এই ধারাবাহিকতায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আগামী ৯ ফেব্রুয়ারি রাত ৯টায় জাতির উদ্দেশে একটি গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন। বুধবার (০৪ ফেব্রুয়ারি) জামায়াতের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
জামায়াত আমিরের ভাষণটি রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মাধ্যমে সম্প্রচারের জন্য গতকাল ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারের কাছে আনুষ্ঠানিকভাবে অনুমতি প্রার্থনা করে আবেদন দাখিল করা হয়।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার জামায়াত আমিরের ভাষণটি নির্ধারিত সময়ে সম্প্রচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে অনুমোদন প্রদান করবেন।






