কারাবন্দিদের ডাকযোগে ভোট আজ থেকে শুরু

চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত
টুইট ডেস্ক: আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে কারাবন্দিদের জন্য ডাকযোগে ভোট (Postal Ballot) শুরু হয়েছে, যা চলবে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
এবারই প্রথমবারের মতো কারাবন্দিদের জন্য পোস্টাল ব্যালট সুবিধা চালু করা হয়েছে। ইসির নির্দেশনায় কারা কর্তৃপক্ষও ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন করেছে।
এর আগে, ৬ জানুয়ারি থেকে দেশের ভেতরে পোস্টাল ব্যালট পাঠানো শুরু হয়। ইসি জানিয়েছে, ভোটের দিন বিকেল ৪:৩০টার মধ্যে ব্যালট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাতে হবে; এর পর পৌঁছানো ভোট গণনা করা হবে না। অভ্যন্তরীণ পোস্টাল ব্যালটে প্রার্থীর নাম ও প্রতীক উভয়ই থাকবে।
দেশে ও দেশের বাইরে ১৫ লাখ ৩৩ হাজার প্রবাসী পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেছেন। এর অর্ধেক দেশের ভেতরে রয়েছেন।
উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ভোটগ্রহণ সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।






