তিস্তা ব্যারাজে জামায়াত আমীরের জনসভা বুধবার

লালমনিরহাটে প্রস্তুতি জোরদার

আব্দুল্লাহিল শাহীন, লালমনিরহাট: আগামী ৪ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ‘হ্যাঁ’ প্রচারণার অংশ হিসেবে তিস্তা ব্যারাজ হেলিপ্যাডে বিশাল জনসভা করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডা. শফিকুর রহমান। লালমনিরহাট-১ আসনের জামায়াত প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু জানিয়েছে, হেলিকপ্টারযোগে সকাল ১২টায় আসবেন আমীর এবং ১২:৩০ মিনিটে জনসভায় বক্তব্য রাখবেন।

জানা গেছে, নীলফামারীর ৪ ও লালমনিরহাটের ৩ আসনের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থীরা এই জনসভায় অংশ নেবেন। জনসভায় দুই জেলার প্রায় তিন লক্ষাধিক মানুষ যোগ দেবে বলে আশা করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

আনোয়ারুল ইসলাম রাজু বলেন, তিস্তা নদী উত্তরাঞ্চলের মানুষের জীবনরেখা, যেখানে প্রতিবছর বন্যা ও নদীভাঙনে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। জামায়াত ক্ষমতায় এলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দৃঢ় ঘোষণা দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আব্দুল হালিম। তিনি বলেন, এই জনসভা হবে উত্তরাঞ্চলের উন্নয়ন ও ভবিষ্যৎ নির্ধারণের ঐতিহাসিক সমাবেশ এবং এতে ১১ দলীয় জোটের নেতাকর্মীরাও অংশ নেবেন।