রাজশাহীতে ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: আগামী ৫ ফেব্রুয়ারি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে উত্তরের রাজনীতিতে চাঙা পরিবেশ তৈরি হয়েছে। জনসভা সফল করতে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করেন জোটের মহানগর নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে নেতারা জানান, জনসভার সার্বিক প্রস্তুতি শেষ পর্যায়ে। মঞ্চ নির্মাণ, সাজসজ্জা ও প্রচার-প্রচারণার কাজ দ্রুত এগিয়ে চলছে। তারা আশা প্রকাশ করে বলেন, বুধবারের মধ্যেই সকল কারিগরি ও আনুষঙ্গিক প্রস্তুতি সম্পন্ন হবে। জনসভাকে ঘিরে রাজশাহী মহানগরীসহ আশপাশের জেলাগুলোতেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

নেতৃবৃন্দ বলেন, এবারের জনসভায় সাধারণ মানুষের পাশাপাশি নারী কর্মীদের রেকর্ডসংখ্যক উপস্থিতি থাকবে। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জোটের নীতি ও আদর্শের প্রতি আস্থার প্রতিফলন ঘটাবে বলেও তারা মন্তব্য করেন। ইতোমধ্যে তৃণমূল পর্যায়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে জোটের পক্ষ থেকে বিশেষ স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করা হয়েছে জানিয়ে নেতারা বলেন, একটি উৎসবমুখর ও শৃঙ্খলাপূর্ণ জনসভা উপহার দিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। সঠিক তথ্য প্রচারের মাধ্যমে জনসভা সফল করতে গণমাধ্যমকর্মীদের ইতিবাচক ভূমিকারও আহ্বান জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, সেক্রেটারি সমাজ উদ্দিন মণ্ডল, এনপিপির মহানগর আহ্বায়ক মোবাশ্বের আলীসহ ১১ দলীয় জোটের মহানগরের শীর্ষ নেতৃবৃন্দ, অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা।