র‌্যাবের নাম পরিবর্তন: নতুন পরিচয় ‘এসআইএফ’

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ (এসআইএফ) হিসেবে কার্যক্রম শুরু করবে।

টুইট ডেস্ক: ঢাকা: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) নাম পরিবর্তন করে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ (SIF) করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এই সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা ইতোমধ্যেই নতুন নাম অনুমোদন করেছেন এবং আদেশ জারির পর র‌্যাব নতুন নামের অধীনে কার্যক্রম শুরু করবে। নতুন নামের সঙ্গে সামঞ্জস্য রেখে র‌্যাবের পোশাক ও পরিচিতিও পরিবর্তন করা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এই নাম পরিবর্তনের মাধ্যমে র‌্যাবকে আরও আধুনিক, প্রফেশনাল ও বিশেষ অভিযানে সক্ষম সংগঠন হিসেবে পরিচিত করা হবে। এটি প্রশাসনিক পুনর্গঠন ও নতুন পরিচিতি তৈরির অংশ হিসেবে দেখা হচ্ছে।

নতুন নামের কার্যক্রম শুরু হওয়ার পর র‌্যাবের বর্তমান সদস্যরা সামাজিক ও রাজনৈতিক সংবেদনশীলতার সঙ্গে দায়িত্ব পালন করবে এবং দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।