বরযাত্রীবাহী গাড়ির সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে প্রাণ গেল শিশুর

মাইক্রোবাস–ইজিবাইক সংঘর্ষে শিশু নিহত, এলাকায় শোক।

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে মাইক্রোবাস ও ইজিবাইকের সংঘর্ষে রোকনুজ্জামান (১৩) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় জুনায়েদ (৮) নামের আরেক শিশু আহত হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৩টার দিকে দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের কাঁঠালবাড়ীয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোকনুজ্জামান ঝালুকা ইউনিয়নের সায়বাড় গ্রামের এতিবর রহমানের ছেলে। আহত জুনায়েদ একই গ্রামের আল হাসানের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত শিশুর চাচাতো ভাই রিমন উদ্দিনের বিয়ের বরযাত্রী বহনকারী একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৩-২৪০০) ও একটি ইজিবাইক একইসঙ্গে কনের বাড়ি বর্ধনপুরের দিকে যাচ্ছিল। পথে কাঁঠালবাড়ীয়া বাজার এলাকায় ইজিবাইকটি মাইক্রোবাসকে অতিক্রম করার চেষ্টা করলে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় ইজিবাইকের সামনে বসা রোকনুজ্জামান ছিটকে পড়ে গুরুতর আহত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপরদিকে ইজিবাইকে থাকা জুনায়েদ গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনায় জড়িত মাইক্রোবাস ও ইজিবাইকটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে এবং কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।