১০ টাকার নতুন নোট বাজারে আসছে মঙ্গলবার

বাংলাদেশ ব্যাংক থেকে নতুন ডিজাইনের ১০ টাকার নোট বাজারে।
টুইট ডেস্ক: বাংলাদেশ ব্যাংক ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের ১০ টাকা মূল্যমানের নোট মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে বাজারে ছাড়বে।
বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্সের বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন সিরিজের সকল মূল্যমানের নোট (১০০০, ৫০০, ২০০, ১০০, ৫০, ২০, ১০, ৫ ও ২ টাকা) মুদ্রণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ১০০০, ৫০০, ১০০, ৫০ ও ২০ টাকার নোট ইতিমধ্যেই বাজারে প্রচলনে এসেছে।
নতুন ১০ টাকার নোটটি প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান হাবিব মনসুর স্বাক্ষরিত হিসেবে ৩ ফেব্রুয়ারি থেকে বাজারে ছাড়া হবে। প্রাথমিকভাবে এটি মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে এবং পরবর্তীতে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
নোটের বৈশিষ্ট্য:
আকার: ১২৩ মি.মি. × ৬০ মি.মি.
সম্মুখভাগ: বাম পাশে ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ছবি, মাঝখানে শাপলার ছবি
পেছনভাগ: ‘গ্রাফিতি–২০২৪’-এর চিত্র
রঙের আধিক্য: গোলাপি
নিরাপত্তা বৈশিষ্ট্য:
জলছাপে রয়েল বেঙ্গল টাইগারের মুখ;
উজ্জ্বল ইলেকট্রোটাইপ জলছাপে ‘10’ ও বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম;
সম্মুখভাগে নিরাপত্তা সুতায় ‘৳১০ দশ টাকা’ লেখা, যা আলোর বিপরীতে দৃশ্যমান হবে;
সুতার রং নেড়ে দেখলে লাল থেকে সবুজে পরিবর্তিত হবে;
গভর্নরের স্বাক্ষরের পাশে প্যাটার্নে আলোর বিপরীতে ‘১০’ দেখা যাবে;
মাইক্রোপ্রিন্টে ‘BANGLADESH BANK’ লেখা;
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন ডিজাইনের ১০ টাকার নোট চালু হলেও পূর্ববর্তী সব কাগজ ও ধাতব মুদ্রা আগের মতোই বৈধ থাকবে। মুদ্রা সংগ্রাহকদের জন্য নমুনা নোটও মুদ্রণ করা হয়েছে, যা বিনিময়যোগ্য নয় এবং মিরপুরের টাকা জাদুঘর বিভাগ থেকে সংগ্রহ করা যাবে।






