যশোরে তারেক: আইডি হ্যাকের মিথ্যাচার করে জনগণের বন্ধু হওয়া যায় না

ছবি: সংগৃহিত

যশোরে তারেক রহমানের নির্বাচনী জনসভা: আইডি হ্যাক নিয়ে মিথ্যাচারের অভিযোগ, নারীদের অসম্মানকারীদের সমালোচনা!

টুইট প্রতিবেদক: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সোমবার (২ ফেব্রুয়ারি) যশোরে নির্বাচনী জনসভায় বক্তব্য রেখে আইডি হ্যাকের অজুহাতে মিথ্যা প্রচারের তীব্র সমালোচনা করেছেন।

তিনি বলেন, যারা আইডি হ্যাক নিয়ে মিথ্যা কথা বলেন, তারা জনগণের বন্ধু হতে পারেন না। ব্যাপক সমালোচনার মুখে পড়ে একটি রাজনৈতিক দল আইডি হ্যাক হওয়ার অজুহাত দিয়েছে। কিন্তু বিশেষজ্ঞরা পরিষ্কারভাবে জানিয়েছেন যে, এভাবে আইডি হ্যাক হওয়ার কোনো সুযোগ নেই। নির্বাচনের আগে জনগণের সামনে মিথ্যাচার করে তারা নিজেদের আসল চরিত্র প্রকাশ করছে। তিনি এদের একটাই পরিচয় বলে অভিহিত করেন—‘মিথ্যাবাদী’।

যশোরে আয়োজিত এই নির্বাচনী জনসভায় তারেক রহমান বলেন, ৫ আগস্টের পর রাজনীতিতে গুণগত পরিবর্তন হয়নি। একটি রাজনৈতিক দল দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীদের তুচ্ছ-তাচ্ছিল্য করে এবং তাদের ঘরে আটকে রাখতে উঠেপড়ে লেগেছে। তিনি নারীদের অপমানকারীদের দেশদরদী বা জনদরদি হওয়ার অযোগ্য বলে মন্তব্য করেন।

এর আগে খুলনার খালিশপুরে প্রভাতী স্কুল মাঠে অনুষ্ঠিত জনসভায় তারেক রহমান বলেন, যারা ইসলাম কায়েমের কথা বলে তারা ভুলে যাচ্ছে—নবী করিম (সা.)-এর সহধর্মিণী হযরত বিবি খাদিজা (রা.) ছিলেন একজন সফল ব্যবসায়ী। তাহলে নারীদের কর্মজীবনকে অপমান করার এখতিয়ার কারো নেই। তিনি নারীদের কর্মসংস্থান নিয়ে কলঙ্কজনক মন্তব্যের তীব্র নিন্দা করেন এবং বলেন, ১৯৭১ সালেই প্রমাণ হয়েছে যে মা-বোনদের জন্য এদের দরদ নেই।

যশোর জনসভায় তারেক রহমান যশোর ও কুষ্টিয়া অঞ্চলের সাত জেলার বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি জনগণকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনকে বিতর্কিত ও বাধাগ্রস্ত করতে একটি রাজনৈতিক দল ওঠেপড়ে লেগেছে।

জনসভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। জনসভা ঘিরে যশোর শহর লোকে লোকারণ্য হয়ে ওঠে। প্রায় দুই যুগ পর যশোরে এসে তারেক রহমানের এই জনসভা বিএনপির নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।