আসন্ন নির্বাচনে ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক নিশ্চিত করেছেন বিভিন্ন সংস্থা

ইইউ, ওআইসি, কমনওয়েলথসহ ৬ আন্তর্জাতিক সংস্থা ও ১৬ দেশের পর্যবেক্ষকরা ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বিষয়ক গণভোট পর্যবেক্ষণ করবেন।

টুইট প্রতিবেদক: বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ (July National Charter) বিষয়ক গণভোট পর্যবেক্ষণে এখন পর্যন্ত ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক নিশ্চিত হয়েছে। নির্বাচন ও গণভোট আগামী ১২ ফেব্রুয়ারিতে একসঙ্গে অনুষ্ঠিত হবে।

সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের দেওয়া তথ্যমতে, ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)সহ ছয়টি আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে সম্মত হয়েছে। এসব সংস্থা সম্মিলিতভাবে অন্তত ৬৩ জন পর্যবেক্ষক মোতায়েন করবে।

এর বাইরে ইউরোপীয় ইউনিয়ন, ১৬টি দেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যুক্ত ৩২ জন ব্যক্তি পর্যবেক্ষক হিসেবে অংশ নেবেন। সব মিলিয়ে দ্বৈত এই নির্বাচনী প্রক্রিয়ায় এখন পর্যন্ত নিশ্চিত আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩০ জনে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা ২০২৪ সালের ৭ জানুয়ারির বিতর্কিত নির্বাচনের তুলনায় দ্বিগুণেরও বেশি। সে নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা ছিল উল্লেখযোগ্যভাবে কম।

এর আগে বাংলাদেশের ১২তম জাতীয় সংসদ নির্বাচনে ১৫৮ জন, ১১তম নির্বাচনে ১২৫ জন এবং ১০ম জাতীয় সংসদ নির্বাচনে মাত্র ৪ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক উপস্থিত ছিলেন।

ওআইসির ইলেকশন অবজারভেশন ইউনিটের প্রধান শাকির মাহমুদ বান্দার দুই সদস্যের ওআইসি পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেবেন।

এছাড়া, এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (এএনএফরেল) থেকে ২৮ জন, কমনওয়েলথ সেক্রেটারিয়েট থেকে ২৫ জন, যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) থেকে ৭ জন, এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) থেকে ১ জন পর্যবেক্ষক বাংলাদেশে আসবেন।

এ ছাড়া ভয়েস ফর জাস্টিস, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, এসএনএএস আফ্রিকা, সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশন এবং পোলিশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স–সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিত্বকারী ৩২ জন পর্যবেক্ষক ব্যক্তিগত সক্ষমতায় নির্বাচন পর্যবেক্ষণ করবেন। এসব তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন সূত্রে পাওয়া গেছে।

আন্তর্জাতিক পর্যবেক্ষক সমন্বয়ের দায়িত্বে থাকা সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়কারী লামিয়া মোরশেদ বলেন, “আমরা আশা করছি আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা আরও বাড়বে। কারণ যেসব দেশকে পর্যবেক্ষক পাঠানোর জন্য আমন্ত্রণ জানানো হয়েছে, তাদের কয়েকটি এখনও প্রতিনিধিদের নাম নিশ্চিত করেনি।”

এখনও যেসব দেশ তাদের পর্যবেক্ষক দলের নাম নিশ্চিত করেনি, সেগুলোর মধ্যে রয়েছে ভারত, নেপাল, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, মিসর, ফ্রান্স, কুয়েত, মরক্কো, নাইজেরিয়া ও রোমানিয়া।

দক্ষিণ এশিয়ার নির্বাচন ব্যবস্থাপনা সংস্থাগুলোর ফোরাম ফেম্বোসা (FEMBoSA)-ও শিগগিরই তাদের প্রতিনিধিদের নাম ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে।

এদিকে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৫০টিরও বেশি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে প্রায় ২ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দেশের ৩০০টি সংসদীয় আসনে ভোটগ্রহণের পাশাপাশি একই দিনে জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোট অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক পর্যবেক্ষকের এই ব্যাপক উপস্থিতিকে কেন্দ্র করে আসন্ন নির্বাচনকে ঘিরে দেশি-বিদেশি মহলে বাড়ছে আগ্রহ ও নজরদারি।