তারাগঞ্জে চ্যানেল এস টেলিভিশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কেক কাটা, খাবার বিতরণ ও সাংস্কৃতিক আয়োজনে দিনব্যাপী কর্মসূচি
আব্দুল্লাহিল শাহীন, তারাগঞ্জ: রংপুরের তারাগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে চ্যানেল এস টেলিভিশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা, দুস্থ ও খেটে খাওয়া মানুষের মাঝে খাবার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় খেটে খাওয়া ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। পরে চ্যানেল এস টেলিভিশনের তারাগঞ্জ উপজেলা প্রতিনিধির কার্যালয়ে কেক কেটে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচির উদ্বোধন করা হয়।
চ্যানেল এস টেলিভিশনের তারাগঞ্জ উপজেলা প্রতিনিধি নাজিম ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাগঞ্জ থানার ওসি (তদন্ত) খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জোবায়ের হাসান অভি, প্রথম আলো তারাগঞ্জ উপজেলা প্রতিনিধি রহিদুল মিয়া এবং দৈনিক আমার দেশ পত্রিকার তারাগঞ্জ উপজেলা প্রতিনিধি আব্দুল্লাহিল শাহীনসহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।
বক্তারা বলেন, চ্যানেল এস টেলিভিশন সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে ইতোমধ্যে দর্শকমহলে আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও দায়িত্বশীল সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখবে—এটাই সবার প্রত্যাশা।
আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।






