বান্দরবান পুলিশ লাইন্স স্কুলের বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত

ছবি: নিজস্ব

শিক্ষা সফর শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ—পুলিশ সুপার

বান্দরবান প্রতিনিধি: বান্দরবান পুলিশ লাইন্স-এর উদ্যোগে বার্ষিক শিক্ষা দিনব্যাপী সফর–২০২৬ উপলক্ষে শিক্ষা সফর, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

৩১ শে জানুয়ারি, শনিবার দিনব্যাপী বান্দরবান পুলিশ লাইন্স স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার মোঃ আবদুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, শিক্ষা সফর শিক্ষার্থীদের জন্য পাঠ্যবইয়ের বাইরের জ্ঞান অর্জনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এর মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা অর্জন করে, যা তাদের চিন্তাশক্তি ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও বলেন, লেখাপড়ার পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া শিক্ষার্থীদের জন্য অত্যন্ত জরুরি।

পুলিশ সুপার উল্লেখ করেন, নিয়মিত পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, নেতৃত্বগুণ বিকাশ এবং সামাজিক মূল্যবোধ গঠনে সহায়ক ভূমিকা পালন করে।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, সহ বান্দরবান পুলিশ লাইন্স স্কুলের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকগণ।