যুক্তরাষ্ট্র ইরান আক্রমণ করলে পাল্টা হামলার হুঁশিয়ারি

টুইট ডেস্ক: ইরান হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি তাদের ওপর কোনো হামলা চালায়, তবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করা হবে। বুধবার (১৪ জানুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
এরই মধ্যে কাতারে অবস্থিত আল-উদেইদ বিমানঘাঁটিতে কিছু মার্কিন সামরিক সদস্যকে নিরাপত্তার কারণে ঘাঁটি ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে এটি ২০২৫ সালের ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সময়ের মতো বৃহৎ সেনা প্রত্যাহারের চিহ্ন নয়।
গত কয়েকদিন ধরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইরানে হস্তক্ষেপের হুমকি দিয়ে আসছেন। তিনি মঙ্গলবার সিবিএস নিউজকে বলেন,
“আন্দোলনরতদের ওপর যেভাবে নিপীড়ন চলছে তা মেনে নেওয়া হবে না। আটক বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দিলে আমরা কঠোর ব্যবস্থা নেবো।”
নাম প্রকাশে অনিচ্ছুক ইরানি কর্মকর্তা জানান, তেহরান ইতিমধ্যেই মিত্রদেশগুলোকে সতর্ক করেছে।
উল্লেখ্য, মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, ইরানের চলমান সরকারবিরোধী বিক্ষোভে অন্তত ২,৬০০ জন নিহত হয়েছেন।






