রাজশাহীর পুঠিয়ায় অবৈধ কসমেটিকস কারখানায় মোবাইল কোর্ট

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের নয়াপাড়া এলাকায় অনুমোদনহীনভাবে পরিচালিত একটি কসমেটিকস কারখানার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে ‘সাফা’ নামের কসমেটিকস কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।
মোবাইল কোর্ট চলাকালে কারখানাটিতে কোনো ধরনের সরকারি অনুমোদন ছাড়াই ক্রিম ও লোশন উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এ সময় উৎপাদন কাজে ব্যবহৃত বিভিন্ন মেশিনারিজ ও সরঞ্জাম জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অনুমোদনহীন ও মানহীন কসমেটিকস ব্যবহারে ত্বকে অ্যালার্জি, চুলকানি, ফুসকুড়ি, চর্মরোগ ও চোখের ক্ষতির ঝুঁকি থাকে। পাশাপাশি দীর্ঘমেয়াদে এসব পণ্যের ব্যবহারে ক্যানসারের মতো মারাত্মক রোগের আশঙ্কাও রয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাশ বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে অনুমোদনহীন ও ঝুঁকিপূর্ণ কারখানার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।






