রাজশাহী-৬ আসনে সাবেক যুবদল নেতা উজ্জলের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন

নিজস্ব প্রতিবেদক, চারঘাট : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (চারঘাট–বাঘা) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে জেলা যুবদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন উজ্জলের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে।
বুধবার দুপুরে চারঘাট উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। উজ্জলের প্রস্তাবক হিসেবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ পাশা উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের কাছ থেকে মনোনয়নপত্র উত্তোলন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, চারঘাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ইউনুচ আলী, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম জীবন, বাঘা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক যুবদল সভাপতি আবদুল্লাহ আল মামুন, আড়ানী ইউপির সাবেক চেয়ারম্যান নাসির হোসেন, সাবেক চারঘাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওবাইদুল হক মিতুল, বাঘা উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক পলাশসহ বিএনপির নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে বিএনপি নেতারা বলেন, আনুষ্ঠানিকভাবে রাজশাহী-৬ আসনে আনোয়ার হোসেন উজ্জলের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। দলীয়ভাবে চূড়ান্ত মনোনয়ন পেলে আসন্ন নির্বাচনে বিপুল ভোটে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।






