বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক: বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোর ৬টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।
সকাল ১০টায় বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি প্লাজা চত্বর থেকে শুরু হয়ে শহীদ সাকিব আনজুম চত্বর প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়।
এরপর বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। কোষাধ্যক্ষ প্রফেসর ড. ফয়জার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান ও কলা অনুষদের ডীন প্রফেসর শহীদুর রহমান। তিনি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দেশাত্মবোধক গান, আবৃত্তি ও দলীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।






