সংগীতশিল্পী পাবনার আওয়ামী লীগ নেতা প্রলয় চাকী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, পাবনা: পাবনার সাংস্কৃতিক অঙ্গনে পরিচিত মুখ কন্ঠশিল্পী, সাংস্কৃতিক সংগঠক ও পাবনা জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক প্রলয় চাকীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার সকালে শহরের পাথরতলা এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পাবনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশিদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রলয় চাকীর ছেলে জনপ্রিয় সংগীত পরিচালক সানী চাকী জানান, সকাল আটটার দিকে ডিবি পুলিশের একটি দল বাড়িতে এসে বাবার খোঁজ করে। এরপর কোন মামলা বা ওয়ারেন্ট ছাড়াই বাবাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়। এ সময় আটকের কারণ জানতে চাইলে তারা সুনির্দিষ্ট করে কিছু না জানালেও ডেভিল হান্ট অভিযানে তাকে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানান।
সানী আরও জানান, বাবা কখনোই রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করেন নি। তার নামে কোন মামলাও নেই। সরকার পতনের পরেও তিনি বাড়িতেই ছিলেন। তিনি শারীরীক ভাবে গুরুত্বর অসুস্থ। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও চোখের কর্ণিয়ার রোগে ভুগছেন। তাকে অযথা হয়রানি করা হচ্ছে।
পাবনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশিদুল ইসলাম বলেন, সারা দেশে ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে প্রলয় চাকীকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রলয় চাকী ৯০ দশকের জনপ্রিয় কন্ঠশিল্পী ও সংগীত পরিচালক। প্রলয় চাকী ও মলয় চাকী দুই ভাই ইত্যাদিসহ বিটিভির জনপ্রিয় অনুষ্ঠানগুলোতে গান গেয়ে সাড়া ফেলেন।






