সাংবাদিকদের কল্যাণে প্রয়োজনীয় আইন ও উদ্যোগ নেওয়া হবে: রিজওয়ানা হাসান

টুইট নিউজ ডেস্ক : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সাংবাদিকদের পেশাগত ও সামাজিক কল্যাণ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করবে। এ লক্ষ্যে সাংবাদিকদের কল্যাণে প্রয়োজনীয় আইন ও বিধিমালা প্রণয়নের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর সার্কিট হাউজ রোডে তথ্য ভবনের সম্মেলন কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় পর্যায়ের আর্থিক সহায়তার অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পাশাপাশি দায়িত্বশীল ও জাতীয় স্বার্থনির্ভর সাংবাদিকতা অপরিহার্য। দেশের মানুষের স্বার্থ সুরক্ষায় সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। সরকারের গণতান্ত্রিক অঙ্গীকারের অংশ হিসেবেই সাংবাদিকদের জন্য এই আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।

তিনি জানান, ভবিষ্যতে সাংবাদিকদের আর্থিক সহায়তা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা যায় কি না, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় উদ্যোগ নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি সাংবাদিকরা যেন স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করার কথাও তিনি উল্লেখ করেন।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার ও প্রেস) ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম, বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ. এস. এম. জাহীদ, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক খালেদা বেগমসহ সাংবাদিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে দুইজন মৃত সাংবাদিকের পরিবারের সদস্যদের মাঝে ৬ লাখ টাকা, ১১৪ জন সাংবাদিককে চিকিৎসা ব্যয় বাবদ ৬৯ লাখ টাকা এবং ৫২ জন অসচ্ছল সাংবাদিকের মাঝে ২৬ লাখ টাকা—মোট ১ কোটি ১ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।